
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক সকল নারী ও কণ্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। গতকাল ৮ মার্চ, রোববার এনডিপির আয়োজনে জেন্ডার এন্ড রাইটস কর্মসূচির সহযোগিতায় এনডিপির প্রধান কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবস উপলক্ষে এনডিপির প্রধান কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে বাগবাড়ি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনডিপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে এনডিপির কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনডিপির নিবাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সেলিনা পারভীন।
সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন খান বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজে নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকান্ড ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে এনডিপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে মোসা. সেলিনা পারভীন বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, নারীরা এখন সমাজের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও কুসংস্কার দূর করে একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ক্ষুদ্রঋণ ও বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে নারীরা এখন পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ে এবং সমাজে সমতা প্রতিষ্ঠা সহজ হয়।
অনুষ্ঠানে এনডিপির পরিচালক (কার্যক্রম ও পরিকল্পনা) এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাহবুবুর রহমানসহ এনডিপির সহকারী পরিচালক, সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির জেন্ডার ফোকাল পারসন সোমা দাস এবং সহযোগীতায় ছিলেন এনডিপির জেন্ডার এন্ড রাইটস কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।





