জাতীয়সদরসিরাজগঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমটিপি উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও প্রচারণা মেলায় এনডিপির প্রথম পুরস্কার অর্জন

রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপ-প্রকল্প এর উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও প্রচারণা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নিরাপদ মৎস্য উৎপাদনে এনডিপি আরএমটিপি মৎস্য প্রকল্প প্রথম পুরস্কার অর্জন করে।

গতকাল ৯ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ৯টি সহযোগী সংস্থা-শতফুল, এনডিপি, পিসিডি, ওসাকা, এমএমএস, মৌসুমি, এসকেএস, জাকস এবং জেআরডিএম-অংশগ্রহণ করে। মেলায় মোট ২০টি স্টল স্থাপন করা হয়, যেখানে উদ্যোক্তারা বিভিন্ন নিরাপদ ও মানসম্মত মৎস্যজাত পণ্য প্রদর্শন করেন।

মেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-আরএমটিপি মৎস্য প্রকল্প অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করে পাশাপাশি আরও একটি বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করে। নিরাপদ মৎস্য উৎপাদন, উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও বাজার সক্ষমতার ভিত্তিতে এনডিপির এই সাফল্য প্রশংসিত হয়।

মেলার প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোজাফফর হোসেন ও রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর আরএমটিপি ভ্যালু চেইন সেক্টর স্পেশালিস্ট (ফিশারিজ) মোহা. ইব্রাহিম আলম। মেলার সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন মোল্লা। অতিথিবৃন্দ বলেন, নিরাপদ মৎস্য উৎপাদন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ভ্যালু চেইন শক্তিশালীকরণে আরএমটিপি প্রকল্প একটি কার্যকর ভূমিকা পালন করছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন, আয়ের বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই প্রকল্প নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করছে। দিনব্যাপী এ মেলা উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বিপণন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন ক্রেতা-সংযোগের সুযোগ সৃষ্টি করে। নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা তৈরি এবং উদ্যোক্তাদের বাজারে প্রতিযোগিতায় শক্তিশালী করতে এ ধরনের মেলার আয়োজন প্রতি বছরই করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button