সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রেশম চাষী/কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিজয় আহমেদ সাগর: সিরাজগঞ্জে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়ন লক্ষ্যে রেশম চাষী/কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাগবাটি রেশম সম্প্রসারণ কেন্দ্র প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
“বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের রেশম শিল্পকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, চাষিদের দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রেশম শিল্পের বিকাশ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (সম্প্রসারণ) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ড. এম. এ মান্নান (ব্যবস্থাপক), প্রকল্প পরিচালক ও প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আতীকুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয় সিরাজগঞ্জ এর ব্যবস্থাপক এস.এম আব্দুল আলিম।
সমাবেশে বক্তারা রেশম শিল্পের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, চাষিদের প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, রেশম শিল্পের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
এ সময় রেশম চাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button