
সিরাজগঞ্জ প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা শহরে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা শহরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. কানিছ ফাতেমা এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপপরিচালক মো. ফারুক আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন। সভাটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।
আলোচনা সভায় বক্তব্য দেন এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সদস্য এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক গাজী নূর মোহাম্মদ মো. আব্দুল্লাহ আল ফারুক। এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রবীণদের সুস্থ, মর্যাদাপূর্ণ ও সক্রিয় জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
দিবসটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভাসহ দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।





