
রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ পথের হাজার হাজার মানুষ। এ বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা টি দিয়ে সিরাজগঞ্জ সদর ও বগুড়াসহ আশপাশের ইউনিয়নের হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার অনেক জায়গায় ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় ইট সরে গিয়েও সৃষ্টি হয়েছে গর্ত। এতে করে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল আরোহীদের।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, বাজারের পূর্ব ও পশ্চিমের রাস্তা পাকা থাকলেও মাঝখানে প্রায় দেড় কিলোমিটার রাস্তা আজও পাকা করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই জায়গায় জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। অনেক দিন ধরেই মাঝে মধ্যে রাস্তা টি শুধু ইট, শুরকি ও বালু ফেলে সংস্কার করা হলেও কেন যে পাকা করা হচ্ছে না, সে বিষয়ে কেউ সঠিকভাবে কিছু বলতে পারছে না।
এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত রাস্তা টি পাকা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানিয়েছেন এ পথের হাজার হাজার পথযাত্রী ও আশপাশের এলাকাবাসী।





