
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক সহায়তা ও দুর্যোগ অর্থায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে “এনজিও–মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড” নামে একটি নতুন তহবিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১১ মে ২০২৬ রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্টার্ট বাংলাদেশ হাব এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
আন্তর্জাতিক স্টার্ট নেটওয়ার্কের “স্টার্ট ফান্ড” মডেলের আদলে গঠিত এ তহবিলের মাধ্যমে জাতীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহ দুর্যোগ বা মানবিক সংকটের ৭২ ঘণ্টার মধ্যে জরুরি সহায়তা প্রদান করতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে যৌথভাবে এ তহবিলের নীতিগত অনুমোদনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. জাকির আহমেদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ার ড. মুহাম্মদ শহীদ উজ জামান এবং স্টার্ট নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিনা বেনেট।
অনুষ্ঠানে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্যোগ মোকাবিলায় জাতীয় সংস্থাগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি করবে।”
স্টার্ট বাংলাদেশ হাবের এ উদ্যোগে অংশগ্রহণকারী চারটি জাতীয় প্রতিষ্ঠানের অন্যতম হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), পপি এবং এসকেএস ফাউন্ডেশন।
এনডিপি’র পক্ষ থেকে জানানো হয়, সমন্বিত সক্ষমতা ও সম্পদের মাধ্যমে দুর্যোগকালীন দ্রুত মানবিক সহায়তা, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনডিপি সবসময়ই মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও টেকসই উন্নয়নে কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী, মানবিক সংস্থা ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।





