
কাজীপুর প্রতিনিধি: কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা গত\ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দীন মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য।
কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এসময় এমপি জয় তার বক্তব্যে বলেন, ‘রক্তের বন্ধনের মতই কাজীপুরে আওয়ামী লীগের বন্ধন। আমার পিতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম কাজীপুরকে উন্নয়নের রোলমডেলে পরিনত করেছেন। তার নেতৃত্বেই কাজীপুর উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত। এটা যেন অক্ষুণ্ণ থাকে।’
সভায় ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।






