জাতীয়সিরাজগঞ্জ

এনডিপির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩,০৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় আগামী অর্থবছরের জন্য ৩ হাজার ৫৬ কোটি টাকার বাজেট ও নতুন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। একই সভায় আগামী ৩বছরের জন্য কামরুন নাহারকে সভাপতি এবং মো. আলাউদ্দিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
গতকাল শনিবার (২৫ জুলাই, ২০২৬) এনডিপির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে এনডিপির ৩৫তম বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রোগ্রাম) মোস্তফা মোস্তাকুর রহিম খান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন এনডিপির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আলেয়া আখতার বানু।
সভায় এনডিপির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান সংস্থার চলমান কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) ড. এবিএম সাজ্জাদ হোসেন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাহবুবুর রহমান বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি আগামী অর্থবছরের জন্য ৩,০৫৬ কোটি টাকার বাজেট সভায় উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ডিরেক্টর (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান।


বার্ষিক সাধারণ সভায় নতুন অর্থবছরের কর্মপরিকল্পনা, বাজেট বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।
তিন বছর মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায়ী চেয়ারম্যান আলেয়া আখতার বানু পূর্ববর্তী কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। পরে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিটি সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করে।


নির্বাচনে কামরুন নাহার সভাপতি এবং মো. আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নির্বাচন শেষে বিদায়ী সভাপতি ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে এনডিপির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button