
সিরাজগঞ্জ জেলায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) নিবন্ধিত সংস্থার প্রতিনিধিদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
এসময়ে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ অর্থবছরের অগ্রগতি প্রতিবেদন (ক্ষুদ্রঋণ ও উন্নয়নমূলক কার্যক্রম) উপস্থাপন করেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটির সিরাজগঞ্জের ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, এমএমএস এর পরিচালক ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটির সিরাজগঞ্জের কো-ফোকাল পারসন মো. আশরাফুজ্জামান সেলিম, জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. রইস উদ্দিন, সুক এনজিওর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, মডার্ণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাসুদ আহমেদ রোকনীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় এমআরএ নিবন্ধিত সিরাজগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জেলায় কর্মরত এনজিও প্রতিষ্ঠানদের প্রতি শিক্ষাবৃত্তি প্রদান, স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা, বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার আহবান জানান। এছাড়াও তিনি উল্লেখ করেন যে সকল প্রতিষ্ঠান এমআরএ এর নিবন্ধন ছাড়া অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদের তালিকা তৈরী করে ব্যবস্থা গ্রহণ করা হবে।





