ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) তাঁত প্রকল্পের আওতায় স্থানীয় তাঁত উদ্যোক্তাদের নিয়ে জলবায়ু ঝুঁকি ও জলবায়ূ সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
গত ৫ মার্চ বুধবার এনডিপি দৌলতপুর শাখায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান এর সমন্বয় ও উপস্থাপনায় পরিচালিত হয়। তিনি আরইসিপি তথা সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ নিশ্চিত এর জন্য প্রকল্প থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মে আশ্বস্ত করেন।
প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি জেন্ডার, শোভন কর্ম পরিবেশ বিষয়ে আলোচনা করা হয়। এসময় প্রকল্পের এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার অনন্ত মুরমু, সহকারী টেকনিক্যাল অফিসার মো. ফয়সাল আহমেদ খান, ওলি মাহমুদ, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার মো. আনিছুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং ‘সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ (Resource Efficient and Cleaner Production- RECP) করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পটি গৃহীত হয়েছে। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এই প্রকল্প দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত। প্রকল্পের মোট বাজেট ৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বিশ্ব্যাংক এবং পিকেএসএফ যথাক্রমে ২৫ কোটি ও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য: ক্ষুদ্র-উদ্যোগে সম্পদ-সাশ্রয়ী ও ঘাত-সহিষ্ণু সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।






