
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে তাড়াশ উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, হামকুড়িয়া গ্রামের গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে মাগুরাবিনোদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক ও তাড়াশ উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মোল্লার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে দুই পক্ষ মান্নান নগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে মোতালেব হোসেন, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহতাব আলী, মহসীন, শিবলু, আব্দুল বারিক, তছলিম ও আব্দুর রাজ্জাক উল্লেখযোগ্য। আহতদের মধ্যে আব্দুর রশিদ ও মাহতাব আলীর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






