
এনডিপি রেইজ প্রকল্পের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়। গতকাল ১২ আগস্ট মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রেইজ প্রল্পের আওতায় বর্ণাঢ্য আয়োজনে এই দিবস পালিত হয়।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল সংখ্যক যুবদের অংশগ্রহণে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড সজ্জিত বর্ণাঢ্য র্যালি সিরাজগঞ্জ শহরের দরগাহ রোডস্থ এনডিপি শহর শাখা হতে মুজিব সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খোলা জায়গাতে জমায়েত তরুণদের উদ্দেশ্যে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে এনডিপি এর পক্ষ হতে বক্তব্য প্রদান করেন প্রকল্প ফোকাল পারসন ও পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী মাসুদ মন্ডল এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র প্রশিক্ষক (পশুপালন) কৃষিবিদ এস.এম কামরুজ্জামান।
বক্তারা বলেন, “যৌবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়-এই সময়কে কাজে লাগাতে হবে অকল্যাণের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে সংগ্রামে।” তারা উল্লেখ করেন, দেশের শ্রমশক্তির বড় অংশই যুবসমাজ, যাদের অবদান প্রবাসী শ্রমবাজার থেকে শুরু করে তৈরি পোশাকশিল্প পর্যন্ত বিস্তৃত। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে যুব সমাজকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান বক্তারা। তাদের মতে, যুবসমাজের সৃজনশীলতাকে রক্ষা ও বিকশিত করতে হবে, উৎসাহিত করতে হবে জ্ঞান ও প্রযুক্তিচর্চায়। ব্যবসা-বাণিজ্য এবং বহুপাক্ষিক অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি সরকারি তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করারও গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, “যুবসমাজকে নেতিবাচক প্রবণতা থেকে মুক্ত করে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলাই হোক আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের মূল লক্ষ্য।”






